প্রধান সূচি

ল্যাপটপ-প্রিন্টার অক্ষত : উধাও রেজুলেশন ও ক্যাশ বহি

স্বরূপকাঠীতে বিদ্যালয়ে রহস্যজনক চুরি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার অলংকাঠি এম আর মাধ্যমিক বিদ্যালয়ে গভীর রাতে এক রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে বিদ্যালয়ের প্রশাসনিক কক্ষের তালা ভেঙে চোরেরা বিদ্যালয়ের রেজুলেশন বহি ও ক্যাশ রেজিস্টার বহি নিয়ে গেছে। তবে আশ্চর্যের বিষয়, একই কক্ষে থাকা ল্যাপটপ, প্রিন্টার, প্রজেক্টরের মতো দামী জিনিসপত্র তারা অক্ষত রেখে গেছে।
বুধবার সকালে বিদ্যালয়ে এসে সহকারী শিক্ষিকা মোসা: শামিমা আক্তার দেখেন কক্ষের তালা ভাঙা ও আলমারির ড্রয়ার খোলা। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি প্রধান শিক্ষককে জানান।
বিদ্যালয়ের পাহারাদার মো. ফরিদ হোসেন বলেন, আমি রাত ৩টা পর্যন্ত পাহারা দিয়েছি। অসুস্থতার কারণে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি তালা ভাঙা। শুনেছি চোরেরা কিছু কাগজপত্র ও প্রায় দুই হাজার টাকা নিয়ে গেছে।
প্রধান শিক্ষক শংকর কুমার বড়াল জানান, চোরেরা আমার কক্ষ ও সহকারী শিক্ষকদের কক্ষের তালা ভেঙে রেজুলেশন ও ক্যাশ বহি নিয়ে গেছে। পাশেই দামি জিনিস ছিল, কিন্তু তা নেয়নি। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. নাসির উদ্দিন তালুকদার বলেন, এর আগেও একবার বিদ্যালয়ে চুরি হয়েছিল। এবার চোরেরা কেবল কাগজপত্র নিয়েছে। এটি অত্যন্ত সন্দেহজনক। আমাদের বিপদে ফেলতে চুরির সঙ্গে হয়তো পাহারাদারের সম্পৃক্ততা থাকতে পারে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহির আলম বলেন, চোরেরা দামী জিনিস না নিয়ে শুধু কাগজপত্র নিয়েছে। বিষয়টি নি:সন্দেহে সন্দেহজনক। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial