পিরোজপুরে মাদক ব্যবসায়ীর হামলায় বিএনপি নেতা আহত
পিরোজপুর সদর উপজেলায় সুপারি বাগানে নৈশ পাহারাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীর ধারালো অস্ত্রের আঘাতে মো. হাবিল (৪০) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা সদস্য গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে এশার নামাজের পর সদর উপজেলার ৪নং কলাখালি ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হাবিল ওই গ্রামের আক্কেল আলী মন্ডলের ছেলে। তিনি কলাখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক এবং সদর উপজেলা তাতী দলের সদস্য।
ভুক্তভোগী হাবিলের অভিযোগ, স্থানীয় মাদক ব্যবসায়ী ও মাদকসেবি ফরহাদ তাকে রাতে বাগান পাহারা দিতে নিষেধ করে আসছিল। কিন্তু তিনি পাহারা চালিয়ে গেলে মঙ্গলবার রাতে মনির মোল্লার বাড়ির সামনে ফরহাদ পেছন থেকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মারাত্মক জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
হাবিল বলেন, আমি নিয়মিত আমার সুপারি বাগানে চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দেই। ফরহাদ আমাকে একাধিকবার নিষেধ করলেও আমি তা মানিনি। এর জের ধরেই সে আমার মাথায় আঘাত করেছে। আমি এ হামলার সুষ্ঠু বিচার চাই।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একেএম আসিফ আহম্মেদ জানান, রোগীর মাথায় গুরুতর ক্ষত ছিল, যা সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
