পিকআপের ধাক্কায় ভাঙলো পিরোজপুরের ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং
বরিশাল-পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীয় উপর নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে গেছে এক বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায়। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের কুমিরমারা প্রান্ত থেকে একটি পিকঅ্যাপ বেকুটিয়া প্রান্তের দিকে যাওয়ার পথে অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায় এবং ব্রীজের একপাশ সাময়িকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে পুলিশ নিশ্চিত করেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায়ই এই সেতুর ওপর ভারী যানবাহনের বেপরোয়া চলাচল দেখা যায়। দ্রুতগতির কারণে এ ধরনের দুর্ঘটনা অহরহ ঘটছে। এ বিষয়ে সেতুর রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনার পরপরই পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভেঙে যাওয়া রেলিং দ্রুত সংস্কার করা হবে। আপাতত দুর্ঘটনা কবলিত স্থানে অস্থায়ীভাবে বেষ্টনী দেওয়া হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা দায়ের হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বাংলাদেশ-চীন ৮ম মৈত্রী সেতু (বেকুটিয়া সেতু) উদ্বোধন করা হয়। প্রতিদিন হাজার হাজার যানবাহন ঢাকা, বরিশাল, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে এই সেতু ব্যবহার করে। বিকেল হলেই সেতুর উপর হাজার হাজার দর্শনার্থী বিভিন্ন জেলা উপজেলা থেকে ভীড় করেন সেতুতে। পিরোজপুরের অন্যতম বিনোদন স্পর্ট হিসেবে পরিচিত এই সেতুটি।
প্রায় আড়াই মাস আগে গুরুত্বপূর্ণ ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাউখালীর বেকুটিয়া প্রান্তের প্রায় ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। এতে করে সেতুর কাউখালী প্রান্তের প্রায় এক কিলোমিটার অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ফলে রাতের বেলা চলাচলকারীরা পড়েছেন চরম ঝুঁকিতে। বিদ্যুৎ লাইন সংযোগের কোন উদ্যোগ এখনও নেওয়া হয়নি।
স্থানীয়রা জানিয়েছেন, অন্ধকারে সেতু পারাপার এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির আশঙ্কা করছেন যাত্রী ও চালকেরা।
