পিরোজপুরে টাইফয়েড টিকা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে সাংবাদিকদের অংশগ্রহনে টাইফয়েড টিকা প্রদানের বিষয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস ও গণ যোগাযোগ অধিদপ্তর আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, ফসিউল ইসরাম বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ প্রমুখ।
কর্মশালায় আয়োজকরা জানান, টাইফয়েড একটি সংক্রামক রোগ। টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই সচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের শিশু-কিশোর-কিশোরীদের এই টিকা দেয়া হবে। প্রতিটি স্কুল ও পরবর্তীতে স্বাস্থ্য বিভাগের টিকাদান কেন্দ্রে এই টিকা দেয়ার জন্য ইতিমধ্যেই রেজিষ্ট্রেশন করা শুরু হয়েছে।
‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফের আর্থিক সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
