মঠবাড়িয়ায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ার কে এম লতীফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনকে হত্যার দায়ে ছেলে রিয়াজ উদ্দিন (৪২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার দাউদখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিহত শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে শনিবার একটি হত্যা মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানাযায়, মা মারা যাওয়ার পর থেকে ছেলে রিয়াজ উদ্দিন বেপরোয়া জীবন-যাপন শুরু করে এবং মাদকাসক্ত হয়ে পড়ে। এতে বাবা নাসির উদ্দিন নিষেধ করলে একমাত্র ছেলে রিয়াজ তার ওপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে বাবার কাছে ভোগদখলীয় সম্পত্তি বিক্রি করে বারবার টাকা চায়। জমি বিক্রি করে টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে বাবার সম্পত্তি অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে গত ১২ জুলাই থেকে ১৩ জুলাই এর মধ্যে যেকোনো সময় তাকে (বাবা) হত্যা করে লাশ অজ্ঞাত স্থানে ফেলে রেখে বাবা নিখোঁজ হয়েছেন বলে প্রচার চালায়।
উল্লেখ্য, নিখোঁজের একদিন পর গত ১৩ জুলাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নাসির উদ্দিনের (৬৮) রক্তাক্ত লাশ উপজেলা শহরের শহীদ মোস্তফা খেলার মাঠের সভামঞ্চ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তখন থানায় একটি অপমৃত্যু মামলা হয়।
মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আঘাতের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে ময়না তদন্তের রিপোর্ট আসে। এ ঘটনায় শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে শনিবার সকালে রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দাউদখালী এলাকা থেকে রিয়াজকে গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই মো. শহিদুল ইসলাম জানান, আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।
