ভান্ডারিয়ায় দিনমজুরের মরদেহ উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে শিকদার বাড়ির সামনের খাল থেকে মো. ইব্রাহীম হাওলাদার (৩২) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এ মরদেহ উদ্ধার করা হয়। সে ওই ওয়ার্ডের মৃত গণি হাওলাদারের ছেলে এবং দুই শিশু সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহীম ঐ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মহারাজ মাস্টারের বাড়ির নারিকেল গাছ পরিস্কারের জন্য শুক্রবার দুপুর আড়াইটার দিকে গাছে ওঠে। এ সময় গাছ সংলগ্ন পল্লী বিদ্যুতের স্পর্শে নিচে একটি খালে পরে তার মৃত্যু ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. ছিদ্দিকুল ইসলাম তালুকদার জানান, ইব্রাহীম আমাদের এলাকাসহ বিভিন্ন এলাকায় নারিকেল গাছ বাছাইয়ের জন্য দিনমজুর হিসেবে কাজ করতো। তার আড়াই বছর ও তিন মাসের দুটি ছেলে সন্তান আছে। শুক্রবার দুপুরে গাছ বাছাইয়ের জন্য মাস্টারের (মহারাজ) বাড়িতে গিয়ে নারিকেল গাছে ওঠে এবং গাছের উপর পল্লী বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে স্থানীয় ফরাজি বাড়ির খালে পওে যায়। আশে পাশে কোন মানুষ না থাকায় খালেই মৃত অবস্থায় পরে থাকে। খোঁজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশে খবর দেয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোনে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ধারণা করা হচ্ছে নারিকেল গাছ পরিস্কারের জন্য গাছে ওঠে। গাছের পাশেই পল্লী বিদ্যুতের তার ছিল, তাতে স্পৃষ্ট হয়ে নিচে একটি খালে পরে তার মৃত্যু ঘটে। পোষ্টমোটেমের পরে প্রকৃত ঘটনা বলা যাবে।
