প্রধান সূচি

ওয়াহিদুজ্জামান ওহিদ নাসিরুদ্দিন তালুকদারের সদস্য পদ স্থগিত

নেছারাবাদ উপজেলার বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত : নতুন আহবায়ক কমিটি গঠনের নির্দেশ কেন্দ্রের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে আহবায়ক কমিটি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কেন্দ্রীয় কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মো. আব্দুল আউয়াল মিন্টুকে অতিদ্রুত নতুন আহবায়ক কমিটি গঠনের ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।
এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপি’র সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটির আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১নং যুগ্ম আহবায়ক মো. নাসিরুদ্দিন তালুকদার এর প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ আগামী এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
সোমবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কেন্দ্র থেকে উপজেলা বিএনপির পুরাতন আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে আহবায়ক কমিটি করার ঘোষণা আসায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে নানা কৌতুহল দেখা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুর জেলাধীন নেছারাবাদ উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পিরোজপুর জেলা সম্মেলন সম্পন্ন করার স্বার্থে নেছারাবাদ উপজেলা বিএনপি’র ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে অতিদ্রুত একটি আহবায়ক কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে আপনাকে (মো. আব্দুল আউয়াল মিন্টু) অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরী।
এ বিষয়ে জানতে চাইলে সদ্য বিলুপ্ত নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল-বেরুনি সৈকত বলেন, আমি শুনতে পেরেছি কেন্দ্র থেকে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে কি কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা আমি জানিনা।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কিছু নেতার বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় কমিটির কাছে দুর্নীতি-অনিয়ম বা দলের শৃংখলা পরিপন্থী অভিযোগ গিয়েছে। সে কারণে হয়তো কেন্দ্র থেকে আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
তবে আহবায়ক কমিটির কোন কোন নেতার বিরুদ্ধে কেন্দ্রের কাছে অভিযোগ গিয়েছে সে বিষয়ে তিনি (আলমগীর হোসেন) জানেন না বলে জানান।
তিনি আরও জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি নির্দিষ্ট টিম রয়েছে। বিষয়টি তারাই দেখভাল করছেন।
নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ভেঙ্গে নতুন করে আহবায়ক কমিটি করার কারণ জানতে চাইলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু’র সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে, এ বিষয়ে চিঠি পেয়েছি। তবে কি কারণে বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে তা আমার জানা নেই। কমিটির কিছু নেতার বিরুদ্ধে ৫ আগষ্ট পরবর্তী দুর্নীতি ও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে আমার জানা নেই, এগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দ বলতে পারবে। তাই তাদের সাথে কথা বলেন বলে তিনি মোবাইলের লাইন কেটে দেন।
উল্লেখ্য, গত ২০২৩ সালে ওয়াহিদুজ্জামান ওহিদকে আহবায়ক এবং আব্দুল্লাহ আল-বেরুনি সৈকতকে সদস্য সচিব কওে ৪১ সদস্য বিশিষ্ট নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial