প্রধান সূচি

স্বরূপকাঠীতে ইয়াবাসহ বিদ্যালয়ের নৈশপ্রহরীসহ দুইজন গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ একটি বিদ্যালয়ের নৈশ প্রহরীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব সোহাগদল গ্রীন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার পিরোজপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. মোস্তফা শওকত জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত নৈশপ্রহরী মো. রাজিব মোল্লা (৪০) উপজেলার পাটিকেলবাড়ী গ্রামের মো. সুলতান মোল্লার ছেলে। তিনি গুয়ারেখা ইউনিয়নের এগারগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী পদে চাকরি করেন। এছাড়া গ্রেফতারকৃত অপর ব্যক্তি শাকিল সিকদার (৩৫) একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. কুদ্দুস সিকদারের ছেলে।
নেছারারাদ থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উপজেলার পূর্ব সোহাগদল গ্রীন রোড এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। পরে রাতেই তাদের নেছারাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত শাকিল সিকদারের বিরুদ্ধে থানায় চাদাবাজি ও মাদকের একাধিক মামলা রয়েছে। এছাড়া রাজিব মোল্লার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। নৈশপ্রহরীর চাকুরী করার সুবাধে এলাকায় রাতের আঁধারে তিনি ইয়াবার ব্যবসা করে চলছেন।
পিরোজপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, নৈশপ্রহরীর আড়ালে রাজিব মোল্লা এবং সাকিল সিকদার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাদের ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial