প্রবাসী শ্রমিকদের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা মঠবাড়িয়ার দুই প্রতারক
সৌদি আরবে ৬৫ জন শ্রমিকের বেতনের ৮৯ লাখ ৭৮ হাজার ও জমানো ৬৫ লাখ টাকা আত্মসাৎ করে গাঁ’ঢাকা দিয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার দুই প্রতারক। ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের শুখঞ্জন দাসের ছেলে সাগর দাস মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার দুই কাকা (চাচা) বাবুল দাস ও অধীর দাস দীর্ঘদিন ধরে সৌদি আরবে থেকে শ্রমিকের কাজ করার পাশাপাশি শ্রমিকদের সরদারি করে আসছেন। সেই সুবাদে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের সাবেক মেম্বার শামসুল হকের ছেলে জহির ও রফিকের সাথে ঘনিষ্ঠভাবে পরিচয় হয়। আমার কাকা বাবুল দাসের সাথে ওই দুই প্রতারক জহির ও রফিক পার্টনার হিসেবে কাজ করার প্রস্তার দিলে দেশি লোক হিসেবে আমার কাকা তাদের প্রস্তার মেনে নেয়।
কিছুদিন ভালোভাবে কাজ ও লেনদেন করলেও চলতি বছরের ২০ ফেব্রæয়ারি ৬৫ জন শ্রমিকের বাংলাদেশী মূল্যের ৮৯ লাখ ৭৮ হাজার টাকা শ্রমিকদের বন্টন করে দেয়ার জন্য ছোট কাকা অধীর দাস ওই জহির ও রফিকের হাতে দেন। এছাড়াও তাদের কাছে আমার কাকারা ৬৫ লাখ টাকা আমানত (জমা) রেখেছিল। এসব টাকা নিয়ে উক্ত দুই প্রতারক আত্মগোপনে যায়। বর্তমানে আমার দুই কাকা প্রবাসে ৬৫ জন শ্রমিকের মারাত্মক চাপে রয়েছেন।
