পিরোজপুর জেলা হাসপাতালের ডাক্তার কোয়ার্টারে গ্রিল কেটে দস্যুতা ॥ দুইজন গ্রেফতার
পিরোজপুর জেলা হাসপাতালের ডাক্তার কোয়ার্টারের একটি ফ্লাটে জানালার গ্রিল কেটে দস্যুতার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর থানায় এ বিষয়ে প্রেসব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচিত দস্যুতার ঘটনায় মো. আবু হানিফ (৩৫) ও মো: আব্দুল করিম মোল্লা (২৫) নামে দুইজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডা. সানজিদা আজাদ শিখার বাসা থেকে নেয়া দুটি মোবাইল ও নগদ তিন হাজার উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৪৬টি সিমকার্ড, ২৫টি চার্জার, আরো তিনটি মোবাইল ফোন, দুটি গ্রিলকাটা ব্লেড উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. আবু হানিফ বরগুনা জেলার আ. রহমান পেয়াদার ছেলে এবং মো. আব্দুল করিম মোল্লা বরগুনা জেলার আঙ্গারপাড়ার মৃত আমির চৌকিদারের ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, চিকিৎসকের বাসায় দস্যুতার ঘটনা চারজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হলে বেশ কয়েকদিন অভিযান চালিয়ে দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা চিকিৎসকের মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার কথা স্বীকার করেছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১১ আগষ্ট রাতে পিরোজপুর জেলা হাসপাতালে ডাক্তারদের সরকারী কোয়ার্টারের একটি ফ্লাটে জানালার গ্রিল কেটে বাসায় থাকা মেডিকেল অফিসার ডা. সানজিদা আজাদ শিখাকে মারধর করে তাকে আহত করে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ১২ আগষ্ট পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
