পিরোজপুরে হনুমানের ছবি তুলতে গিয়ে সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত
পিরোজপুর শহরে যশোরের কেশবপুরের হিংস্র হনুমানের দাপট ক্রমশ বেড়েই চলেছে। খাবারের সন্ধ্যানে হনুমানগুলো জেলা শহরে এসে বিভিন্ন আবাসিক এলাকায় উৎপাত শুরু করায় শিশু ও পথচারিরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
শুক্রবার দুপুরে শহরের সিআই পাড়ায় আলোকিত বাংলদেশের জেলা প্রতিনিধি হাসান মামুন ছবি তুলতে গেলে তার ওপর চড়াও হয় হিংস্র দুটি হনুমান। এসময় আত্মরক্ষার্থে দৌড় দিলে পড়ে গিয়ে গুরুতর আহত হন সাংবাদিক হাসান মামুন। পিরোজপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাকে অপারেশনের জন্য জরুরী ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামুন জানান, তিনি জু’মা নামাজ আদায় করতে দুপুরে রাস্তায় বের হন। এমন সময় দুটি হনুমানকে রাস্তায় দেখে নিউজ করার জন্য পকেটের সেল ফোন বের করে ছবি তুলতে উদ্যত হন। তখন হঠাৎ করে হনুমান দুটো তাকে ধাওয়া করলে তিনি একটি বাড়ির লোহার গেট থেকে ভেতরে প্রবেশের চেষ্টা চালান। এসময় মামুন লোহার গেটে প্রচন্ড জোড়ে ধাক্কা খেলে তার বাম পায়ের হাটুতে প্রচন্ড চোট লেগে ফেটে যায়। এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশ কেটে রক্তাক্ত জখম হয়।
