ভান্ডারিয়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার ॥ অপহৃতা উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়ায় ৮ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী (১৪)কে অপহরণের অভিযোগে পুলিশ বুধবার রাতে শফিকুর রহমান আরিফ খান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ এ সময় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। মেয়েটি উপজেলার ভিটাবাড়ীয়া নূরহাজান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়ে। গ্রেফতারকৃত যুবক উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের রতন খানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে শফিকুর রহমান আরিফ খান নামের ওই যুবক হিন্দু সম্প্রদায়ের এক স্কুলছাত্রীকে জোরপূর্বক একটি মোটর সাইকেলে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় রাতে মেয়েটির মা ভান্ডারিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ রাতেই স্থানীয় মঞ্জু মার্কেট এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার করে এবং অপহরণকারী ওই যুবককে গ্রেফতার করে।
ভিটাবাড়ীয়া নূরহাজান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সঞ্জিব কুমার মজুমাদার জানান, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। মেয়েটি আমাদের বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ে।
ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, স্কুলছাত্রীর বয়স নির্ধারণের জন্য বৃহস্পতিবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়ে যাওয়া হয়েছে। পরে মেয়েটির জবানবন্দি গ্রহণের জন্য পিরোজপুর বিচারিক আদালতে নেয়া হবে। অভিযুক্ত আরিফ খানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
