জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে দু:স্থদের মাঝে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
আজ বৃহস্পতিবার পিরোজপুর জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদারের উদ্যোগে সরকারী সোহরাওয়ার্দী কলেজ মাঠে এ খাদ্য সহায়তা বিতরণ হয়। এসময় সাত শতাধিক পরিবারকে ৫ কেজি চাল ১ কেজি ডাল, ১ কেজি আলু এবং আধালিটার করে তেল দেয়া হয়।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদারের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাব এডহক কমিটির সদস্য সচিব এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম।

এসময় ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাফি আল মুনান, পিরোজপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবান আলী, সাবেক ছাত্রলীগ নেতা শামছুল আলম লিটসহ জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এম এ হাকিম হাওলাদার বলেন, করোনা মহামারীর ছোবলে সারা বিশ্ব যখন বিপর্যস্ত তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে এ দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা মতে কোন মানুষ না খেয়ে থাকবে না- তাই সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগের নেতাকমীরা অসহায় কর্মহীনদের পাশে এসে দাঁড়িয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার বলেন, মানবতার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে মহামারী করোনাকালীন সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
