পিরোজপুরে হাসপাতাল কোয়াটারে ডাক্তারের বাসায় চুরি
পিরোজপুর জেলা হাসপাতালে ডাক্তারদের সরকারি বাসভবনের একটি ফ্ল্যাটে জানালার গ্রিল কেটে চিকিৎসকের বাসায় চুরি হয়েছে। বুধবার ভোর রাতে পিরোজপুর সদর উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সানজিদা আজাদ শিখার রুমে এ চুরির ঘটনা ঘটেছে।
ডা. সানজিদা আজাদ শিখা জানান, জানালার গ্রিল কেটে চোরেরা আলমিরা ভেঙ্গে নগদ ৫২ হাজার টাকা, ১টি ল্যাপটপ ও দুইটি দামী মোবাইল ফোন নিয়ে যায়।
একই ভবনে বসবাসকারী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী জানান, ভবনের নিচ তলায় ডা. সানজিদা আজাদ শিখা একটি রুমে একা থাকতেন। বুধবার ভোর রাতে একটি সংঘবদ্ধ চোর বাসায় প্রবেশ করে। এ সময় ডা. সানজিদা আজাদ শিখা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে চোরেরা মালামাল নিয়ে পালিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ওসি মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ডা. সানজিদা আজাদ শিখা। পুলিশ অভিযুক্তদের ফ্রেফতারের চেষ্টা করছে।
