প্রধান সূচি

নাজিরপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মধ্য বানিয়ারী খাল থেকে তন্ময় তরুয়া (২৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মধ্য বানিয়ারী গ্রামের বলরাম তরুয়ার ছেলে। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পিতা জানান, তার ছেলে তন্ময় তরুয়া উপজেলার দীঘিরজান বাজারের পশ্চিম প্রান্তে মোবাইল ব্যাকিং (বিকাশ), লোড ও কম্পিউটার টাইপিং এর ব্যবসা করতো। মঙ্গলবার রাত অনুমানিক সাড়ে ৮টার দিকে ছেলে তন্ময় তরুয়া দোকান থেকে বাড়িতে মোটর সাইকেলে করে যাচ্ছিলো বলে ছেলে তাকে ফোনে জানায়। কিন্তু রাত অনেক হলেও সে বাড়িতে না ফিরলে রাত ২টার দিকে পিতা বলরাম ও ছোট ভাই মিরিন তরুয়া দু’জনে মিলে খুঁজতে বের হলে মধ্য বানিয়ারীর হায়দার মেম্বারের পুরান বাড়ি সংলগ্ন ব্র্রীজের কাছে তার লাশ ভাসতে দেখেন। এর কিছু দুরে তার ব্যবহৃত মোটর সাইকেলটিও পাওয়া যায়। এসময় তার মাথার পিছনে ও বুকের বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
তিনি আরো জানান, ওই রাতে ব্যবসায়ী তন্ময় তরুয়ার সাথে থাকা ব্যাগে প্রায় আড়াই লাখ টাকা ও ৩টি মোবাইল ফোন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তার সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে তাকে হত্যা করেছে। মরদেহটি উদ্ধার করা উপজেলার মাটিভাঙ্গা ফাঁড়ি পুলিশের এসআই মো. নুরুল ইসলাম জানান, মরদেহটির মাথার উপরে ও বুকের বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নাজিরপুর থানার অফিসার ওসি মো. আশ্রাফুজ্জামান লাশ উদ্ধারের পাওয়া তথ্য নিশ্চিত করে জানান, যুবকের কিভাবে মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। লাশের ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial