ভান্ডারিয়ায় ৬৩টি ওয়ার্ডে ৪ হাজার ২০০ ডোজ টিকা প্রদান সম্পন্ন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শনিবার পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নের বর্তমান ৬৩টি ওয়ার্ডে ৪ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন (টিকা) প্রদান সম্পন্ন হয়েছে।
সকালে ভান্ডারিয়া পৌর শহরের ৩নং ওয়ার্ডের স্থানীয় ৬৭নং নিজ ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী কেন্দ্রে আনুষ্ঠানিবকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক (উপ-সচিব) খন্দকার আনোয়ার ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সীমা রানী ধর, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, ওসি তদন্ত মো. মেহেদী হাসান, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার ও মো. জালাল উদ্দিন সিকদার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায় জানান, ওয়ার্ড পর্যায়ে ভ্যাকসিনাইজেশনের জন্য স্বাস্থ্য বিভাগের প্রথম নির্দেশনা অনুযায়ী এ উপজেলার পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে মোট ৪২শ’ ডোজ টিকা প্রদান করা হয়েছে।
এদিকে সরেজমিনে দেখা গেছে, গৌরীপুর ইউনিয়ন পরিষদের জন্য প্রাপ্ত ৬শ’ ডোজ টিকা প্রদানের পরেও কেন্দ্র আসা ২ শতাধিক মানুষ ফিরে গেছেন।
