প্রবল বর্ষন ও জোয়ারের পানিতে নাজিরপুরের আশ্রয়ন প্রকল্পসহ নিম্নাঞ্চল প্লাবিত
পিরোজপুরের নাজিরপুরে গত ৩ দিনের প্রবল বর্ষনে ও জোয়ারে পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্প এলাকাগুলো প্লাবিত হয়েছে। নিঁচু এলাকায় প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। জোয়ারের সময় পরিস্থিতি আরো অবনতি হচ্ছে। গ্রামীন জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।
অবিরাম বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে উপজেলার সাচিয়া, পুর্ব কাঠালিয়া, খেজুরতলা, সাতকাছিমা, নতুনরাস্তাসহ বিভিন্ন স্থানে বাস্তবায়িত আশ্রয়ন প্রকল্পগুলো প্লাবিত হয়েছে। পুর্ব কাঠালিয়া আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা মাকছুদা বেগম জানান, সামান্য জোয়ারের পানিতে এখানে প্লাবিত হয়ে যায়। এছাড়া ঘরগুলো নিম্নমানের এবং পরিবেশ খারাপ হওয়ায় এখানে ১৮টি ঘরের মধ্যে মাত্র ২টি ঘরে আমরা দুটি পরিবার বাস করি।
এদিকে, উপজেলার নিম্নাঞ্চল দেউলবাড়ী, বিলডুমরিয়া, পদ্মডুবি, গাওঁখালী, মুগারঝোড়, বৈঠাকাটা, মালিখালিসহ বিভিন্ন অঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে। ঘরবাড়ি, মাছের ঘের, চলাচলের রাস্তা প্লাবিত হয়েছে। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। ডুবে গেছে ফসলের মাঠ ও বীজতলা।
