প্রধান সূচি

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের ভাইয়ের নেতৃত্বে হামলার অভিযোগ ॥ নারীসহ আহত ৫

পিরোজপুরের নাজিরপুরে ইউপি নির্বাচনে বিরোধীতার জের ধরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের ভাইয়ের নেতৃত্বে তিন দফা হামলা চালিয়ে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- মো. নিজাম উদ্দিন হাওলাদার (৬০), তার ছেলে সোহাগ হাওলাদার (৩০), শামীম হাওলাদার (২৫), পুত্রবধূ মেরিনা বেগম (২৫) ও মাদ্রাসা শিক্ষক মাহাবুবুর রহমান হাওলাদার (৫৫)। হামলায় গুরুতর আহত মাহাবুবুর রহমান ও মেরিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতলে প্রেরণ করা হয়েছে।
হামলায় আহত সোহাগ হাওলাদার বলেন, গত ২১ জুন প্রথম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তাদের পরিবারের (সোহাগ) লোকজন শেখমাটিয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়া মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু’র বিপক্ষে কাজ করায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ তার ভাইয়েরা আমাদের (সোহাগ) উপর ক্ষিপ্ত হন। নির্বাচনকালীন সময়সহ পরবর্তীতে কয়েক দফা আমাদের উপর হামলার চেষ্টা করে এবং নানা হুমকি দিয়ে আসছিল। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় পশ্চিম বুইচাকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে আমাদের নিজ বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় নবনির্বাচিত চেয়ারম্যানের ছোট ভাই মো. জানে আলম চৌধুরী ঠান্ডু আমার উপর অতর্কিত হামলা চালায়। এ হামলার খবর শুনে আমার বাবা মো. নিজাম উদ্দিন হাওলাদারসহ আমার ছোট ভাই ও স্ত্রী আমাকে রক্ষা করতে গেলে চেয়ারম্যানের আরেক ছোট ভাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপসের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আমারা আত্মরক্ষার্থে নিজ বাড়িতে গিয়ে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়েও হামলা চালায়। হামলায় বাঁধা দিতে গেলে আমার মামা মাদরাসা শিক্ষক মো. মাহাবুবুর রহমান হাওলাদারকেও তারা মারধর করে গুরুতর আহত করে।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তাপস ওই হামলার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, হামলার একটি ঘটনা তিনি শুনেছেন। তবে উক্ত হামলার ঘটনার সাথে তিনি বা তার পরিবারের কেউ জড়িত নয়। স্বাধীনতা বিরোধী ঐ পরিবারটি হামলার ঘটনার সাথে উদ্দেশ্যমূলকভাবে তাদের নাম জড়াচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শুভ ওঝা জানান, গুরুতর আহত ২ জনকে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নজিরপুর থানার অফিসার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, ঘটনা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial