কাউখালীতে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন ॥ জরিমানা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় পিরোজপুরের কাউখালীর আশোয়া আমরাজুড়ি গ্রামে বর ও কনের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালীর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। কাউখালী থানার পুলিশ অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
স্থানীয় ইউপি সদস্য আল-আমিন বলেন, আশোয়া আমরাজুড়ি গ্রামের মেয়ের সাথে পাশর্^বর্তী নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেরার সেহাঙ্গল গ্রামের ছেলের বিয়ে ঠিক হয়। বুধবার দুপুরে কনের বাবার বাড়িতে অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন করা হচ্ছিল। খবর পেয়ে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি বলেন, ঘটনাস্থলে গিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। একই সাথে লকডাউন অমান্য করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় কনের বাবাকে এক হাজার টাকা এবং ছেলের বাবাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
