নাজিরপুরে নালা থেকে গৃহবধুর লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুরে মোসাম্মাৎ মিনারা বেগম (৫০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধু উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের দেউলবাড়ি গ্রামের সবজি চাষী মো. নুরুল ইসলাম বেপারীর স্ত্রী। সোমবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।
দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান মো. অলিউল্লাহ জানান, গৃহবধুর লাশ সোমবার সন্ধ্যায় বাড়ির সংলগ্ন সবজি বাগানের পাশের নালায় ভাসতে পেয়ে তার স্বজনরা তা উদ্ধার করে থানা পুলিশে খবর দেন।
গৃহবধুর স্বামী জানান, সোমবার সকালে তিনি বিভিন্ন ধরণের সবজি চারা বিক্রি করতে তার ছেলে মো. এমরান (১০)কে নিয়ে পার্শ্ববর্তী রাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শৈলদাহ বাজারে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীর মৃত্যুর খবর জানতে পারেন। তিনি আরো জানান, তার স্ত্রীকে বাড়ির লোকজন দুপুর থেকে পাচ্ছিলেন না। তাই তারা অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে একটু দূরে একটি সবজি ক্ষেতের পাশের নালায় ছোট ভাই নুরুল হক বেপারী ও চাচাতো ভাই হায়দার বেপারী লাশ ভাসতে দেখে উদ্ধার করেন।
নাজিরপুর থানার অফিসার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে রাত ২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল ইসলামসহ তিনি (ওসি) ঘটনাস্থলে যান। মৃত গৃহবধুর মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
