ইন্দুরকানীতে লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে মাদ্রাসায় সভা
চলমান কঠোর লকডাউনের মধ্যে সরকারী বিধিনিষেধ উপেক্ষা করে এবং স্বাস্থ্যবিধি না মেনে পিরোজপুরের ইন্দরকানী উপজেলায় এ কটি মাদ্রাসায় সভা করেছেন মাদ্রাসার শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
শনিবার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পশ্চিম চরনী পত্তাশী রহিম উদ্দিন স্মৃতি দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। সভায় কোন ধরণের স্বাস্থ্যবিধি না মেনেই ওই মাদ্রাসার কমপক্ষে ১৫ জন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য অংশ নেয়। এসময় তারা কেউই মাস্কও পড়েন নি। সকাল ৯টায় শুরু হয়ে সভা চলে দুপুর ১২টা পর্যন্ত।
জানা গেছে, মাদ্রসার একটি নিয়োগ পরীক্ষা সম্পন্ন ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য উক্ত সভা করা হয়।
এ বিষয়ে মাদ্রাসার সুপার মো. আমিনুল ইসলাম জানান, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশক্রমে তারা এ সভা করেছেন।
তবে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি এম এ কালাম জানান, এ্যাসাইনমেন্টের কাজের জন্য নির্ধারিত শিক্ষকদের হাজির হওয়ার কথা ছিল। তবে অন্যান্য শিক্ষক কিংবা ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত থাকার বিষয়টি তার জানা নেই।
ইন্দুরকানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়ের জানান, আসন্ন দাখিল পরীক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য ওই মাদ্রাসার শিক্ষকরা এসেছিলেন। তবে দাখিল পরীক্ষার্থীদের সাথে সংশ্লিষ্ট শিক্ষকরাই শুধু উপস্থিত থাকবেন। সে ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সদস্যদের কোন উপস্থিত থাকার তো প্রয়োজন নাই।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, স্বশরীরে কোন ধরণের মিটিং করার সুযোগ। তিনি খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন বলে জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার তিনটি পদে ত্রুটিপূর্ণ একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ওই মিটিং এর আয়োজন করা হয়েছিল।
