নেশাগ্রস্থ ছেলেকে নিরাময় কেন্দ্রে দিলেন মা
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক নেশাগ্রস্থ ছেলেকে নিরাময় কেন্দ্রে দিলেন মা। উপজেলার মো. মনজুরুল আলম (২৫) নামের এক ছেলেকে মাদক নিরাময় কেন্দ্রে দিয়েছেন তার মা।
মো. মনজুরুল আলম খুলনার ম্যানগ্রোভ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে টেক্সটাইল বিষয়ের পড়াশোনা করেছেন। তিনি উপজেলার চরাণী পত্তাশী গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে। মঙ্গলবার দুপুরে থানা পুলিশের সহযোগিতায় তাঁকে বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়।
থানা সূত্রে জানা গেছে, উপজেলা সদরের স্কুল শিক্ষক সুলতানা বেগম (৫৬) ছেলে মনজুরুল আলমকে নিয়ে বসবাস করেন। মাদকাসক্ত ছেলে প্রায়ই নেশার টাকার জন্য মায়ের সাথে ঝগড়া করেন। সোমবার বিকেল ৫টার দিকে মনজুরুল মায়ের সঙ্গে ঝগড়াঝাঁটি করছিলেন। পরে সে মাকে একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে থানা পুলিশ মনজুরুলকে আটক করে থানায় নিয়ে যান। পরদিন দুপুরে মনজুরুল আলমের মা ও আত্মীয় স্বজনেরা সিদ্ধান্ত নেন তাকে (মনজুরুল) মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর। এরপর পুলিশের সহযোগিতায় তাকে বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, পরিবারের লোকজনের পরামর্শে মনজুরুলকে বরিশালের মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।
