ক্রিষ্টাল মেধ আইস মাদকসহ আটক ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী মাসুম খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর
পিরোজপুরে র্যাবের হাতে ‘ক্রিষ্টাল মেধ আইস’সহ আটক টোনা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুম খান রাজকে দুই দিনের রিমান্ডে দিয়েছে আদালত। র্যাবের দায়ের করা মামলায় পুলিশ মাসুম খানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। সোমবার আদালত মামলার শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান, মাদক মামলায় আটক মাসুম খানকে আদালত দুই দিনের রিমান্ড মন্জুর করেছে। তিনি জানান, মাসুম খান পিরোজপুরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পিরোজপুর থানায় মাদক মামলাসহ সন্ত্রাসী কার্যকলাপের একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে বরিশাল র্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে পিরোজপুর সদর থানার টোনা ইউনিয়নের ওদনকাঠী এলাকার নিজ বাড়ি থেকে ১০০ গ্রাম মূল্যবান মাদকদ্রব্য ‘ক্রিষ্টাল মেধ আইস’সহ মাসুম খান রাজকে গ্রেফতার করে। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে মাসুম খানের বাড়িতে অভিযান চালালে তার বাড়ির চারিপাশে লাগানো সিসিটিভি ক্যামেরায় র্যাবের উপস্থিতি টের পেয়ে সে বাড়ির পিছন থেকে বাগানের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করলে র্যাব সেখান থেকে তাকে আটক করে। পরে তার বাড়ি তল্লাশী করে ক্রিষ্টাল মেধ আইস মাদক উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
