উপবৃত্তির ফরম পূরণে ইন্দুরকানীতে অধ্যক্ষের বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ
করোনায়ও থেমে নেই টাকা নেয়া। ইন্দুরকানী সরকারী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে উপবৃত্তির ফরম পূরণে টাকা নেয়ার অভিযোগ। উপজেলার একমাত্র নব জাতীয়করণকৃত ইন্দুরকানী সরকারী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শিকদার কোন ব্যাক্তিকে তোয়াক্কা না করে শুক্রবার ছুটির দিন দ্বাদশ শ্রেনীর উপবৃত্তির জন্য নির্বাচিত ১১৬ জন শিক্ষার্থীদের ডেকে একশত টাকা করে নিয়ে ফরম পূরণ করেছে।
জানা যায়, উপবৃত্তির ফরমপূরণে কোন টাকা নেয়ার নিয়ম নেই কিন্তু অধ্যক্ষ নিজের পকেটস্ত করার জন্য অফিসের কাউকে দায়িত্ব না দিয়ে নিজেই তিন জন কর্মচারী নিয়ে টাকা নিয়ে ফরম পূরণ করেছে।
উপবৃত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা অনেকেই নাম না জানার শর্তে জানান, এর আগে অধ্যক্ষ তার রুমে ডেকে আমাদের কাছ উপবৃত্তি দিবে বলে পাঁচশত টাকা থেকে একহাজার টাকা নিয়েছে ফের আবারও ফরম পূরনের নাম করে একশত টাকা করে নিয়েছে।
কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সায়েম, সাবিনা, খায়রুল জানান, আমাদের কাছ থেকে অধ্যক্ষ স্যার একশত টাকা নিয়ে উপবৃত্তির ফরম পূরণ করেছে। ইন্দুরকানী কলেজের হিসাব রক্ষক আঃ রাজ্জাক শিকদার জানান, উপবৃত্তিতে ফরম পূরণে টাকা নেয়ার কোন নিয়ম নেই। শিক্ষার্থীরা অনেকে আমাকে জানিয়েছে কলেজের অধ্যক্ষের পক্ষে ফোন করে শুক্রবার ছুটির দিন টাকা নিয়ে ফরম পূরণ করতে যেতে বলেছে।
কলেজের আর্থিক বিষয় দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, উপবৃত্তির ফরম পূরণে টাকা নেয়ার কোন নিয়ম নেই। অধ্যক্ষ নিজের খেয়াল খুশিমত ছুটির দিনে আমাকে না জানিয়ে কাজ করেছে।
অভিযুক্ত অধ্যক্ষ মনিরুজ্জামান শিকদার জানান, সবাইকে তো উপবৃত্তি দেয়া সম্ভব নয় যারা উপবৃত্তির আওতায় আসে নি তারাই টাকা নেয়ার অভিযোগ করেছে।
