প্রধান সূচি

বাগেরহাটে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী বাস চলাচল শুরু

বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল শুরু করেছে। সোমবার সকাল থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড থেকে দুরপাল্লাসহ অভ্যন্তরীণ ১৬টি রুটে বাস শুরু হয়েছে। ৬০ শতাংশ বাসের ভাড়া বৃদ্ধি করে স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন এসব রুটে বাস ছাড়ছে। ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহণ করছে যাত্রীবাহী বাসগুলো।
সকালে কেন্দ্রীয় বাসষ্ট্যান্ডে দেখা যায়, বাস চালক ও সহকারির মুখে মাক্স, হাতে হ্যান্ডগ্লোভস রয়েছে। যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে ও হ্যান্ড স্যানিটাইজার করে বাসে উঠানো হচ্ছে। সামাজিক দুরত্ব বজায় রেখে দুই সিটের জায়গায় একজন যাত্রী বসছেন। তবে শেষ পর্যন্ত বাস শ্রমিক ও চালকরা স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালাবেন কিনা সে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
যাত্রী এনামুল কবির, লালু ও রেহেনাসহ কয়েকজন বলেন, অনেকদিন ধরে ঘর থেকে বের হই না। সরকারের ঘোষণার পরে আজ বের হলাম। বাড়ি থেকে মাস্ক পরে আসছি। সাথে হ্যান্ড স্যানিটাইজার আছে। মাঝে মাঝে ব্যবহার করছি। চেষ্টা করছি লোকজন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে। অতিরিক্ত ভাড়া দিয়েও যে গন্তব্যে পৌঁছাতে পারছি এটাই অনেক কিছু।
ইউনুস আলী, রফিকসহ কয়েকজন বাস চালক বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা রাস্তায় গাড়ি চালাচ্ছি। ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ধারণ ক্ষমতার অর্ধেক অথ্যাৎ দুইটি সিটে একেকজন যাত্রী বহন করছি। একজনের পাশের আরেকজনকে বসতে দিচ্ছি না। মুখে মাস্ক না থাকলে কোন যাত্রীকে আমরা বাসে উঠতে দিচ্ছি না। বাসে ওঠার আগে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে ওঠানোর চেষ্টা করছি।
বাগেরহাট শ্রমিক ইউনিয়ন নেতা সিরাজুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে বাগেরহাটের বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাসের ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহণ করার সিদ্ধান্ত নিয়েছি। যার কারণে এই রুটে যাত্রীদের কাছ থেকে ৬০ শতাংশ ভাড়া বেশি নেয়া হচ্ছে।
বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে জেলার ১৬টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। প্রতিটি বাসে হাত ধোয়ার ব্যবস্থা রাখা, হ্যান্ড স্যানিটাইজার এবং চালক ও তার সহকারিদের মুখে মাস্ক ও হ্যান্ডগ্লোভস রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের নির্দেশনা মেনে না চললে বাস মালিক ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial