প্রধান সূচি

বাগেরহাটে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ১৬ দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে ঝিনাইদহ ক্যাডেটের লাকি থার্টিন ট্রাস্ট

বাগেরহাটে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বসতবাড়ি বিধ্বস্ত হওয়া ১৬টি দরিদ্র অসহায় পরিবারকে ঘর তুলতে আর্থিক সহায়তা দিচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ১৩তম ব্যাচের লাকি থার্টিন ট্রাস্ট। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দরিতালুক গ্রামের ক্ষতিগ্রস্থ নারী দিনমজুর রাবেয়া বেগমকে বিধ্বস্ত ঘর পূন:নির্মান করতে সংগঠনের পক্ষ থেকে নগদ ১০ হাজার তুলে দেন ঝিনাইদহ এক্স ক্যাডেটস এসোসিয়েশনের আজীবন সদস্য আহাদ উদ্দিন হায়দার।
এ সময় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মমতা সেন উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ ক্যাডেট কলেজের ১৩তম ইনটেকের লাকি থার্টিন ট্রাস্ট ঝড়ে ক্ষতিগ্রস্থ বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়নের ১৬টি বসতবাড়ি বিধ্বস্ত দরিদ্র পরিবারকে দুই লাখ টাকা সহায়তা দিচ্ছে।
ঝিনাইদহ এক্স ক্যাডেটস এসোসিয়েশনের আজীবন সদস্য আহাদ উদ্দিন হায়দার বলেন, গত ২০ মে হয়ে যাওয়া ঘুর্ণিঝড়ের আঘাতে বাগেরহাট সদরের বিভিন্ন এলাকায় বসতবাড়ি বিধ্বস্ত হয়। ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে ১৩তম ব্যাচ ‘লাকি থার্টিন ট্রাস্ট’ গড়ে তোলে। আমাদের এই সংগঠন ঝড়ের পর বিভিন্ন এলাকা ঘুরে ১৬ জন দরিদ্র অসহায়দের একটি তালিকা তৈরি করে। আমরা সেইসব মানুষদের সাহায্য করছি যাদের কিছু আর্থিক সাহায্য দিলে তাদের বসতঘরটি বসবাসের উপযোগী হবে। এই ধরনের ১৬টি পরিবারকে মোট এক লাখ ৬০ হাজার টাকা সাহায্য করা হচ্ছে। এরমধ্যে আমরা একটি পরিবারকে সোমবার নগদ ১০ হাজার দিয়েছি। পর্যায়ক্রমে অন্যদেরও খুব শিগগির নগদ টাকা পৌঁছে দেয়া হবে।
দিনমজুর রাবেয়া বেগম বলেন, আমি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের রাস্তায় দিনমজুরের কাজ করে যে রোজগার করি তা দিয়ে সংসার চলে। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে আমার মাথা গোঁজার ঠাঁই মাটির কাঁচাঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। আমাকে প্রথমে সদর উপজেলা পরিষদ থেকে তিন বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা দেয়া হয়েছে। এই টাকায় আমার বসতঘরটি পুরোপুরি মেরামত করা সম্ভব হচ্ছিল না। এরমধ্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা ১০ হাজার টাকা দিয়ে আমার এসে পাশে দাঁড়ানোয় আমার উপকার হয়েছে।
উল্লেখ্য, গত ২০ মে উপকূলীয় জেলা বাগেরহাটে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে সাড়ে তিনশ’ বসতবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial