পিরোজপুর থেকে বাস চলাচল শুরু ॥ স্বাস্থ্য বিধি রক্ষায় কাজ করছে পুলিশ
পিরোজপুর থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস এবং আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে এ বাস চলাচল শুরু হয়। বাসে চলাচলকারী যাত্রীদের সামজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য কঠোরভাবে কাজ করে যাচ্ছে পুলিশ।
সোমবার সকালে পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদলের নেতৃত্বে সদর থানার পুলিশ শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও পুরাতন বাসস্ট্যান্ডে বাসযাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সচেতনতামূলক কার্যক্রম চালায়। এদিন বাসগুলোতে সামাজিক দূরত্ব মেনে যাত্রী উঠালেও কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে যাত্রীদের হাত ধোয়ার ব্যবস্থাসহ যাত্রী সুরক্ষার তেমন কোন উপকরণ দেয়া যায়নি।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, কোভিড-১৯ মহামারি মোকাবেলায় পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশ নানা রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গণপরিবহণ তথা বাস চলাচল শুরু হওয়ার পর থেকেই সাধারণ যাত্রীদের কোভিড-১৯ সংক্রামণ রোধে বাসস্ট্যান্ডগুলোতে পুলিশ কাজ করে যাচ্ছে। যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতনতামূলক মাইকিং ও মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করা হচ্ছে। এছাড়া বাসে অতিরিক্ত যাত্রী না ওঠে সে দিকেও নজর রাখছে পুলিশ।
এদিকে, করোনাভাইরাস পরিস্থিতিতে পিরোজপুর থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী বাসের বাস ভাড়া শতকরা ৬০ ভাগ বৃদ্ধি করা হয়েছে। পিরোজপুর থেকে ঢাকাগামী বাস ভাড়া ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৮০০ টাকা, পিরোজপুর থেকে বরিশালের বাস ভাড়া ১১০ টাকা থেকে বাড়িয়ে ১৭৫ টাকা ও পিরোজপুর থেকে খুলনাগামী বাস ভাড়া ১০০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করা হয়েছে। অনরূপভাবে জেলার মধ্যে বিভিন্ন রুটেরও বাসভাড়া বৃদ্ধি করা হয়েছে।
