ঘুর্ণিঝড় আম্পানের প্রভাবে পিরোজপুরে বৃষ্টি শুরু হয়েছে ॥ আকাশ মেঘাচ্ছন্ন
ঘুর্ণিঝড় আম্পানের প্রভাবে দুপুরের পর থেকে পিরোজপুরে বৃষ্টি শুরু হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় পিরোজপুরে জেলা ও উপজেলা প্রশাসন প্রস্তুতিমূলক নানা ব্যবস্থা গ্রহণ করেছে। আজ মঙ্গলবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
জেলার ৭টি উপজেলায় ২৩১টি ঘূর্ণিঝড় সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এসব সাইক্লোন সেল্টারে ২ লক্ষ ৩২ হাজার ২৫০ জন মানুষ আশ্রয় নিতে পারবে। বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ থাকায় প্রয়োজনবোধে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সাইক্লোন সেল্টার হিসেবে ব্যবহার করা হবে। যাতে করে মানুষ শারিরীক দূরত্ব বজায় রেখে সেখানে অবস্থান করতে পারে।
পিরোজপুরে জেলা ও উপজেলা পর্যায়ে খোলা হয়েছে কন্টোল রুম। এছাড়া জরুরী চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রতিটি উপজেলায় মেডিকেল টিম গঠনসহ জেলায় ৬০টি মেডিকেল টিম প্রস্তুত রাকা হয়েছে।
জেলার চরাঞ্চলসহ নদী তীরবর্তী এলাকার মানুষদের মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সাইক্লোন সেল্টারসহ আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসার ব্যবস্থা নেয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে আনা মানুষদের জন্য শুকনো খাবার এবং ভোর রাতে সেহেরীর জন্য খিচুরীর ব্যবস্থা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেয়া হয়েছে।
