পিরোজপুরে গরু চুরির অভিযোগে তিন যুবককে গণপিটুনী
পিরোজপুরে গরু চুরির অভিযোগে তিন যুবককে গণপিটুনী দিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে শহরতলীর ভাইজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো নাসিম (২১), মিল্লাত (২২) এবং জসিম (৩০)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মুখ বাঁধা অবস্থায় ৩/৪ জন লোক ভাইজোড়া এলাকার ইদ্রিস খানের বাড়ি থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ইদ্রিস খান টের পেয়ে ডাক চিৎকার দেয়। তার ডাক চিৎকারে এলাকার লোকজন তাদের ধাওয়া করে গণপিটুনী দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে আহতদের একটি বাড়ি থেকে উদ্ধার করে।
এ বিষয়ে ভাইজোড়া গ্রামের ইদ্রিস খান জানান, তার বাড়ি থেকে একটি গরু চুরি করে নেওয়ার সময় টের পেয়ে তিনি ‘চোর চোর’ বলে ডাক-চিৎকার দিলে এলাকারবাসী নেমে গরু চোরদের ধরে মারপিট করে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, মারধরের খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের একটি বাড়ি থেকে উদ্ধার করে। গরু চুরির মৌখিক অভিযোগ করা হলেও প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে মারধরের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
