পিরোজপুরের ইন্দুরকানীতে তিনজন করোনা রোগী সনাক্ত : জেলায় আক্রান্ত ৩১
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তারা ঢাকা ও নারায়নগঞ্জ থেকে এসেছে। শুক্রবার সন্ধ্যায় তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট ইন্দুরকানীতে এসে পৌঁছায়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ৩১ জন।
ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আমিন উল ইসলাম জানান, গত মঙ্গলবার উপজেলার ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার রাতে তাদের রিপোর্ট পাওয়া যায়। প্রাপ্ত রিপোর্টে ৬ জনের মধ্যে তিনজনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। ঢাকা থেকে আগত মমতাজ (৫০), রুখসানার (৩৫) বাড়ি বালিপাড়ার সেপাই বাড়িতে। কিছুদিন আগে তারা মাইক্রোবাস যোগে ঢাকা থেকে ইন্দুরকানীর বালিপাড়ায় নিজ বাড়িতে আসেন। খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা তাদের নমুনা সংগ্রহের জন্য কয়েকবার ওই বাড়িতে গিয়েছিলেন। কিন্তু তারা সবাই সুস্থ আছেন বলে স্বাস্থ্যকর্মীদের ফিরিয়ে দেন। পরে গত মঙ্গলবার প্রশাসনের সহায়তায় তাদের ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। 
এছাড়া নারায়নগঞ্জ থেকে আসা বেলাল (২৫) কোরানা আক্রান্ত হয়েছেন। বেলালের বাড়ি উপজেলার দক্ষিণ কালাইয়া গ্রামে।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, শুক্রবার রাতেই করোনা আক্রান্তদের বাড়িসহ সন্দেহজনক এলাকা লকডাউন করা হয়েছে। এছাড়া আগামীদিন শনিবার আক্রান্তদের সংস্পর্শে থাকা সবার নমুনা সংগ্রহ করা হবে।
