প্রধান সূচি

বাগেরহাটে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প

বাগেরহাটের রামপালে সেনাবাহিনীর সহায়তায় চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী রামপাল উপজেলার সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়ে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক ব্রিগেড এর সহায়তায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দুপুরে ক্যাম্প পরিদর্শন করেন শেখ হাসিনা সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি। চিকিৎসা সেবা নিতে মানুষদের খোঁজ খবর নেন জিওসি। তাদেরকে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় পরামর্শ দেন। এসময় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আল মাসুম, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মেজর কেএম যাহীন নাসির, স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর সহায়তায় অনুষ্ঠিত এই ক্যাম্পে সকাল থেকেই স্থানীয়রা চিকিৎসা সেবা নিতে ভীড় করেন। মাঠের মধ্যে বসানো জীবানু নাশক ট্যানেলে জীবানুমুক্ত হয়ে সামাজিক দূরত্ব মেনে সেনাবাহিনীর প্রদান করা মাস্ক ও হ্যান্ড গ্লোভস পরে চিকিৎসকের কাছে যান রোগীরা। চিকিৎসা সেবা গ্রহণ শেষে বিনামূল্যে ওষুধ নিয়ে হাসি মুখে বাড়ি ফিরেছেন তারা। সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি কক্ষে দুই শতাধিক নারী পুরুষ চিকিৎসা সেবা নিয়েছেন।

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি হয়েছেন রোগীরা। চিকিৎসা সেবা নেওয়া রোগীরা বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে তেমন বাইরে যেতে পারি নি। মাথা ব্যাথা, পেট ব্যাথা, জ¦রসহ বিভিন্ন অসুখ বিসুখে ভুগতে ছিলাম। বাড়ির পাশে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পের কথা শুনে আসছি। চিকিৎসকদের আন্তরিকতা ও বিনামূল্যে ওষুধ পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

মল্লিকের বেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলাম বলেন, করোনা পরিস্থিতিতে গ্রামের মানুষেরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিল। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যরা আমার এলাকায় একটি মেডিকেল ক্যাম্প করেছেন। আমার ইউনিয়নের অনেক রোগী এখান থেকে সেবা নিয়েছে। রোগীদের আন্তরিকতার সাথে বিনামূল্যে এই সেবা প্রদানের জন্য মল্লিকের বেড় ইউনিয়নবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ।

মেডিকেল ক্যাম্পের মেজর কেএম যাহীন নাসির বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে। এখানে অসহায় দুস্থ মানুষের স্বাস্থ্য সেবা দিতে আমরা মেডিকেল ক্যাম্প করেছি। দিনব্যাপী বিনামূলে এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। রোগীদের প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial