ভাণ্ডারিয়ায় দুই পরিবারের ২ জনের করোনা শনাক্ত
পিরোজপুরের ভাণ্ডরিয়ায় পাশাপাশি দুই পরিবারের দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তারা উপজেলার তেলিখালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মঙ্গলবার রাতে আক্রান্ত দুই পরিবারসহ আশেপাশের ৩০টি পরিবার এবং স্থানীয় তেলিখালী বাজার লকডাউন করেছেন প্রশাসন। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তিরা ঢাকায় শ্রমিকের কাজ করতেন। গত ৭ মে তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় প্রশাসন থেকে গত ১০ মে ওই দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। মঙ্গলবার রাতে দুজনের করোনা পজিটিভ ফল আসে।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম জানান, করোনা শনাক্তের খবর পেয়ে ওই দুই পরিবারসহ চারপাশের ৩০ পরিবার এবং স্থানীয় তেলিখালী বাজার লকডাউনে রাখা হয়েছে। তেলিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে পরবর্তীতে লকডাউনের বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বলেন, লকডাউনে রাখা পরিবারগুলোকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেয়া অব্যাহত আছে।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এইচ এম জহিরুল ইসলাম জানান, আক্রান্তদের বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
