উপসর্গ ছাড়া কচুয়া হাসপাতালের আইসোলেশনে ভর্তি নারী করোনা আক্রান্ত
বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে উপসর্গ ছাড়া ভর্তি হওয়া ২৫ বছর বয়সী এক নারীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। রবিবার রাতে খুলনার ল্যাব থেকে কচুয়া হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই ওই মহিলার বসবাসের বাড়িটি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। ওই নারীর সংষ্পর্শে আসা পরিবারের চার সদস্যে নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য বিভাগ। ওই নারীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি সুস্থ রয়েছেন।
আক্রান্ত ওই নারীর বাড়ি কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। তিনি গত ৬ মে বন্দর নগরী চট্টগ্রাম থেকে বাড়িতে ফেরেন।
এই নিয়ে বাগেরহাট জেলায় শিশু ও নারীসহ চারজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। এরমধ্যে একজন মৃত ব্যক্তির শরীরে করোনা সনাক্ত হয়। করোনা আক্রান্ত তিনজনই সুস্থ স্বাভাবিক রয়েছেন। এরা সবাই জেলার বাইরে থেকে ফেরা নাগরিক।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) মো. মনজুরুল আলম সকালে এই প্রতিবেদককে বলেন, গত ৬ মে ওই নারী চট্টগ্রাম থেকে কচুয়ার বাড়িতে ফেরেন। করোনা ভাইরাসের হটস্পট থেকে বাড়িতে ফেরার পরদিন স্থানীয় সচেতন প্রতিবেশিরা স্বাস্থ্য বিভাগকে খবর দিলে মেডিকেল টিম ওই বাড়িতে গিয়ে তাকে হাসপাতালের এনে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে। হাসপাতালে আনার সময়ে এই নারীর শরীরে করোনা ভাইরাসের কোন রকম উপসর্গ ছিল না। ৮ মে তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। ১০ মে পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়। ওই নারীর সংষ্পর্শে আসা পরিবারের চারজনকে হোম কোয়ারেন্টিনে রেখে বাড়িটি অবরুদ্ধ করা হয়েছে। আক্রান্ত ওই নারীকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি সুস্থ স্বাভাবিক রয়েছেন। ওই চারজনের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।
