বাগেরহাট কারাগার থেকে ১৯ বন্দির মুক্তি
বাগেরহাট জেলা কারাগারে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সাজাপ্রাপ্ত ১৯ জন কয়েদিকে মুক্তি দিচ্ছে সরকার। শুক্রবার বিকেলে ১৯ জনের মধ্যে ৫জন বন্দিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। এরআগে প্রথম ধাপে একজনকে মুক্তি দেয়া হয়। আইনী প্রক্রিয়া শেষে বাকি ১৩ জনকে আগামী দুয়েক দিনের মধ্যে মুক্তি দেয়া হবে।
বাগেরহাট জেলা কারাগারে বন্দি ধারণক্ষমতা ৪০০ জন। ধারণক্ষমতার প্রায় দ্বিগুন বন্দি এই কারাগারে রয়েছেন। বর্তমানে ৭২৪ জন বন্দি রয়েছেন। এরমধ্যে ৩৭ জন নারী।
বাগেরহাট জেলা কারাগারের জেলার এস এম মহিউদ্দিন হায়দার জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কারাগারের ভিড় কমাতে লঘুদন্ডে দন্ডিত (৬ মাস থেকে এক বছরের সাজা হওয়া) কয়েদিদের তালিকা চায় কারা মহাপরিদর্শক। আমরা এপ্রিলের প্রথম সপ্তায় ৪৮ জন সাজাপ্রাপ্ত বন্দি কয়েদির তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠাই। এরমধ্যে সরকার দ্বিতীয় ধাপে ১৯জন বন্দিকে মুক্তি দিতে অনুমোদন দিয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এর আগে ৫জনকে মুক্তি দেয়া হয়েছে। বাকিদের কিছু আইনী জটিলতা রয়েছে তা শেষ করেই দুয়েক দিনের মধ্যে মুক্তি দেয়া হবে।
