ভান্ডারিয়ায় কোস্টগার্ড ও ভ্রাম্যমাণ আদালতের উপর হামলার ঘটনায় মামলা
পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালীতে জাটকা নিধন অভিযানে কোস্টগার্ড, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে ভান্ডারিয়া থানায় এ মামলা দায়ের করা হয়। সরকারি কাজে বাঁধাদান, মৎস্য রক্ষা ও সংরক্ষণসহ বিভিন্ন ধারায় স্থানীয় তিন জেলে এবং ২৫/৩০জন অজ্ঞাত জেলে ও গ্রামবাসীকে এ মামলায় আসামী করা হয়েছে।
মাছ ধরার অবৈধ জাল জব্দ করতে গিয়ে মৎস্য বিভাগ, ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড ও পুলিশ মঙ্গলবার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামে জেলেদের হামলার কবলে পড়ে। এ সময় জেলেদের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে কোস্টগার্ড জেলেদের উপর ২৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে তিন জেলে গুলিবিদ্ধ হয়। এসময় আরও ৭ জেলে আহত হয়।
জেলার মঠবাড়িয়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হকের দায়ের করা মামলায় ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের মোহাব্বত আলীর ছেলে মোতালেব হাওলাদার (৫৫), আব্দুল আজিজের ছেলে জসিম (২৮) ও শাহীন (পিতা অজ্ঞাত) নামে এই তিনজন নামধারী আসামী।
মঙ্গলবার দুপুরে মাছ ধরা অবৈধ জাল জব্দ করতে গিয়ে হরিণপালায় জেলেদের হামলার ঘটনার প্রায় ৩৬ ঘন্টা পর বুধবার এ মামলা হয়।
