পিরোজপুরের শংকরপাশায় এক দম্পতির দেহে করোনা সনাক্ত ॥ জেলায় আক্রান্ত ১১
পিরোজপুরে আরও দুইজন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। আক্রান্ত দুই জন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে দুই জন করোনাভাইরাস রোগী সনাক্ত হয়েছিল।
সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কভিড-১৯ পরীক্ষার ল্যাব থেকে এ দুইজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। শনিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছিল। রিপোর্ট পাওয়ার পরে রবিবার রাতেই সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল, সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল, শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনসহ প্রশাসনের লোকজন আক্রান্তদের বাড়ি যান। 
সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ জানান, করোনা আক্রান্তদের উত্তর শংকরপাশা গ্রামের স্ত্রীর বাবার বাড়ী লকডাউন করে রবিবার রাতে সেখানে তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত দম্পতি হতদরিদ্র বলে তাদের উপজেলা প্রশাসন থেকে খাদ্য সহযোগিতা দেয়া হয়েছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী জানান, করোনা পজেটিভ দু’জন স্বামী স্ত্রী। তারা গত ২ মে ঢাকা থেকে পিরোজপুরে আসে। সেদিনই খবর পেয়ে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল প্রেরণ করা হয়। তিনি আরও জানান, আক্রান্তরা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতো। তবে এ বিষয়টি তারা গোপন করছে।
এদিকে, পিরোজপুর জেলা হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় মারা যাওয়া পৌরসভার মুক্তারকাঠী গ্রামের সন্ধ্যা রানী হালদারের করোনা রিপোর্ট নেগেটেভ বলে জানান সিভিল সার্জন।
