পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটর সাইকেল ও নসিমনের (মালটানার গাড়ি) মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার উপজেলার সাফা ডিগ্রি কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক আহাদ শরীফ (২২) উপজেলার ধানীসাফা ইউনিয়নের আমরাবুনিয়া গ্রামের মো. কালাম শরীফের ছেলে। এ সময় কাওসার (১৮) নামে একজন মারাত্মকভাবে আহত হন।
জানা গেছে, সোমবার সকালে আহাদ শরীফ তার ব্যক্তিগত মোটর সাইকেলে কাওসারকে সাথে নিয়ে জরুরি কাজে স্থানীয় ধানিসাফা বাজারে যাচ্ছিলো। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি নছিমন এর সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহাদ শরীফ ঘটনাস্থলেই মারা যায়। এসময় তার সাথে থাকা কাওসার মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা দুজনকেই মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক আহাদ শরীফকে মৃত ঘোষণা করেন এবং কাওসারকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নসিমন গাড়িটি আটক করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
