মিরাজুল ইসলাম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে ভান্ডারিয়ায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন
পিরোজপুর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার উপজেলা কমপ্লেক্সে নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন করা হয়েছে।
ভান্ডারিয়া উপজেলার জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে সমাজকল্যাণ মূলক সংস্থা মিরাজুল ইসলাম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ বুথ চালু করা হয়েছে।
করোনাভাইরাস সনাক্তকরণ বা কেউ এ মরনঘাতি ব্যাধিতে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য সন্দেহভাজনদের এ বুথ থেকে নমুনা সংগ্রহ করে নির্ধারিত ল্যাবে পরিক্ষার জন্য পাঠানো হবে।
বুধবার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ এর উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন, মিরাজুল ইসলাম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করার জন্য একটি বুথ চালু করা হয়েছে। এ বুথের মাধ্যমে করোনাভাইরাসের সন্দেহভাজন রোগীদের সংস্পর্শে না এসে বুথে থাকা বিশেষ ব্যবস্থায় নমুনা সংগ্রহ করা যাবে। এতে করে স্যাম্পল সংগ্রহকারী চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা সুরক্ষিত থাকবে।
তিনি আরও জানান, এর আগে করোনা মোকাবেলায় মিরাজুল ইসলাম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা সামগ্রী দিয়েছে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য ১০ লক্ষ টাকার অনুদান দিয়েছে। এ উপজেলার জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরী প্রয়োজনে সার্বক্ষনিক অতিরিক্ত দুইটি এ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছে মিরাজুল ইসলাম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।
