খাদ্য বান্ধব চাল বিক্রিতে অনিয়ম.
নাজিরপুরে আরো এক ডিলারের কারাদন্ড ॥ বাতিল হচ্ছে ডিলারশীপ ও জামানত
পিরোজপুরের নাজিরপুরে খাদ্য বান্ধব চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে ইউপি সদস্য ও গ্রাম পুলিশের কারাদন্ড ও এক ডিলারের ডিলারশীপসহ জামানত বাতিলের পর আজ বৃহস্পতিবার শামীম গাজী (৪০) নামে আরো এক ডিলারকে আটক করে একমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ ডিলারেরও ডিলারশীপসহ জামানত বাতিলের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান।
দন্ডিত শামীম গাজী উপজেলার মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তিনি ওই ইউনিয়নের ওএমএস ডিলার।
ওই ডিলারের বিরুদ্ধে খাদ্য বান্ধব চাল বিক্রির নানা অনিয়ম তুলে ধরে বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন সংশ্লিষ্ট ইউনিয়নের ভুক্তভোগী কার্ডধারীরা।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান অভিযোগের সত্যতা পেয়ে ডিলার শামীম গাজীকে আটক করে একমাসের বিনাশ্রম কারাদন্ড দেন। পরে তাকে নাজিরপুর থানা পুলিশের মাধ্যমে পিরোজপুর কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, করোনাভাইরাসে হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল বিক্রি হচ্ছে। উপজেলার ৯টি ইউনিয়নে এ কার্যক্রম চলমান আছে। ওই ইউপি থেকে ভুক্তভোগীরা ডিলার শামীমের নানা অনিয়ম তুলে ধরে লিখিত অভিযোগ করেন। তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে একমাসের কারাদন্ড দেয়া হয়েছে। তাছাড়া তার ডিলারশীপসহ জামানত বাতিলের প্রক্রিয়া চলছে।
