নাজিরপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ
করোনাভাইরাসের কারণে দেশে ধান কাটার মৌসুমে ধান কাটার শ্রমিক নিয়ে যেখানে কৃষকরা হিমশিম খাচ্ছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এগিয়ে এসেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ রবিবার উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা গ্রামের ৩ কৃষকের মাঠ থেকে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছে তারা।
নাজিরপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপসের নেতৃত্বে ওই দিন সকাল ৯টায় শুরু হওয়া ওই ধান কাটা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকসহ প্রায় শতাধিক ছাত্রলীগ কর্মী। এ সময় ওই এলাকার ৩ কৃষকের প্রায় ৮ একর জমির ধান কেটে তা বাড়ি পৌঁছে দিয়েছে তারা।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস বলেন, সম্প্রতি ছাত্রলীগের স্থানীয় এক কর্মীর মাধ্যমে জানতে পারি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা গ্রামের বর্গা চাষী জাফর শেখ, মিনার শেখ ও মোস্তফা শেখসহ ওই এলাকার প্রায় ৬/৭ জন বর্গাচাষী তাদের আর্থিক সমস্যার কারণে জমির পাকা ধান কাটতে পাড়ছেন না। পরে ওই সব কৃষকদের কাছে গিয়ে খোঁজ-খবর নিয়ে এ কর্মসূিচ হাতে নেই।
ওই এলাকার কৃষক জাফর শেখ বলেন, সকালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম তাপসের নেতৃত্বে প্রায় শতাধিক ছাত্রলীগ কর্মীরা এসে আমার জমির পাঁকা ধান কেটে তা বাড়ি পৌঁছে দেন।
স্থানীয় কৃষক মোস্তফা শেখ জানান, জমির ধান পেকে গেছে। তাছাড়া জমিতে পানিও উঠেছে। কিন্তু শ্রমিক সংকটের কারণে জমির ধান কেটে বাড়িতে নিতে পারছিলাম না। ছাত্রলীগের এমন উদ্যোগে আমার ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ায় চিন্তা মুক্ত হলাম।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাদারণ সম্পাদক মো. অনিরুজ্জামান অনিক বলেন, করোনা ভাইরাসের কারণে কৃষকেরা লোকবলের অভাবে বিপাকে পড়েছেন। গ্রামের এসব অসহায় কৃষকের মুখে হাসি ফোটাতে কেন্দ্রীয় ছাত্রলীগ ও পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর নির্দেশে আমরা জেলাব্যাপী এ কর্মসূচি হাতে নিয়েছি। যে সব কৃষক আর্থিক সমস্যার কারণে তাদের জমির ধান কাটতে পারছে না। তারা আমাদের জানালে আমরা সেখানে গিয়ে ওই সব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিবো।
