সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মহামারি করোনা মোকাবেলা করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মহামারি করোনা দুর্যোগ মোকাবেলা করতে হবে। এ দুর্যোগের কারণে প্রতিটি দরিদ্র পরিবারকে সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। একজন মানুষও যেন অভুক্ত না থাকে সে জন্য সরকার পর্যাপ্ত খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এ খাদ্য সহায়তা যাতে সঠিকভাবে প্রকৃত গরীব মানুষ পায় সেদিকে খেয়াল রাখার জন্য তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সভায় মন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসের কারণে বিশ^ব্যাপী জনজীবন অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় বড় বড় রাষ্ট্র প্রধানরাও নিজেদের অনেকটা অসহায় বোধ করছেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনা এ মহামারি করোনা মোকাবেলার জন্য আগে থেকেই পদক্ষেপ নেয়ায় আমরা এখন পর্যন্ত অনেকটা নিরাপদে আছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতি মুহুর্তে চিকিৎসা সংক্রান্ত খোঁজ নিচ্ছেন এবং স্বাস্থ্য বিভাগসহ সব দপ্তরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে মানুষকে রক্ষা করার জন্য অবিরাম চেষ্টা অব্যাহত রেখেছেন। মন্ত্রী রেজাউল করিম বলেন, প্রতিটি নাগরিককে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে চলা উচিৎ। তাহলেই নিজে, নিজের পরিবার এবং সর্বপরি মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে পারবেন।
মন্ত্রী এময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্রাণ কার্যক্রম, স্বাস্থ্য বিভাগের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন।
উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এসএম ফুয়াদ, পৌর মেয়র গোলাম কবির প্রমুখ।
