পিরোজপুরে পিছিয়ে পড়া ১১ ধরণের মানুষদের খাদ্য সহায়তা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
করোনা পরিস্থিতিজনিত কর্মহীন মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণের ক্ষেত্রে পিরোজপুরে এক ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। কামার, কুমার, তাঁতী, জেলে, হরিজন (মুচি, মেথর, ডোম), নরসুন্দর (নাপিত, ক্ষৌরকার, পরামানিক), রজকদাস (ধোপা), শাঁখারী (শাঁখা প্রস্তুতকারী), সৎকারকর্মী (চন্ডাল), হরিদাস, ঋষি (চর্মকার), স্বর্ণকার কারিগর ইত্যাদি ১১ ধরণের পেশায় নিয়োজিত কর্মজীবিদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এ খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন।
সারা দেশেরমত পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় করোনাভাইরাসজনিত কারণে লকডাউন পরিস্থিতিতে বেকার-মজুরী বঞ্চিত অসহায় মানুষের মাঝে মন্ত্রীর সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে তার অংশ হিসেবে এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে ভিন্ন রকমের প্রায় ৫০০ জন পেশাজীবির মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
জেলা পূজা পরিষদ ও হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ পিরোজপুরের রামকৃষ্ণ সেবা আশ্রমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ ত্রাণ কর্মসূচির আয়োজন করে এবং বিতরণ কাজ শুরু করা হয়। কর্মসূচি উদ্বোধনকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেন, এ সব পেশার মানুষ বর্তমান করোনা পরিস্থিতি খুবই দুরাবস্থার মধ্যে দিনাতিপাত করছেন। আমরা সকলের কথা বিবেচনা করেই কেউ যাতে নিরন্ন না থাকেন সে উদ্দেশ্যে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট চন্ডীচরণ পাল। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার প্রমুখ।
আয়োজক জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বসু জানান, এই ভিন্ন ধরণের পেশার মানুষেরা বেশীরভাগ পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ভূক্ত হলেও উল্লেখযোগ্য সংখ্যক দরিদ্র শ্রেনির মুসলমানও এই দৃষ্টান্তহীন ত্রাণ কর্মসূচির উপকারভোগী হবেন। তিনি জানান, এই খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, চিড়া, ছোলার ডাল, আলু, সাবান ইত্যাদি রয়েছে। আসন্ন রমজানে ওই পেশাজীবিভূক্ত মুসলমানদের কথাও খাদ্য সামগ্রী বাছাইয়ে গুরুত্ব দেয়া হয়েছে।
