মোল্লারহাটে বাড়ীর সীমানা বিরোধে একজন খুন
বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় বাড়ীর সীমানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হাতে নুর আমিন খান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮ টার দিকে সে মারা যায়।
এর আগে মঙ্গলবার রাত ৯ টার দিকে প্রতিপক্ষের হামলায় সে মাথায় জখম নিয়ে হাসপাতালে ভর্তি হয়। নিহত নুর আমিন খান মোল্লাহাট উপজেলার কামার গ্রামের মৃত মিঠু খানের ছেলে।
ঘটনা বিষয়ে স্থানীয়রা ও নিহতের মা জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে বাড়ীর সীমানা নিয়ে প্রতিবেশী মহিলাদের সাথে ঝগড়া হয়। আর এ ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশী শেখ আতিয়ার রহমান ও তার পরিবারের সদস্যরা নুরআমীনকে মারপিট করে। এক পর্যায়ে মাথায় আঘাত করলে নুর আমীন জ্ঞান হারায়। তাকে ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপতালেই তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। মোল্লারহাট থানার ওসি মো. গোলাম কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীরা পলাতক রয়েছে।
