প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে দেশের একজন মানুষও অনাহারে থাকবে না : শ. ম. রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, করোনা সংকট মোকাবেলায় বিশে^র অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রস্তুতি ভালো। শেখ হাসিনার সরকার ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতার জন্য যে প্যাকেজ ঘোষণা করেছে তার মাধ্যমে আগামী তিন বছর মানুষের কল্যাণ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে দেশের একজন মানুষও অনাহারে থাকবে না।
বুধবার শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পিরোজপুর পৌরসভার দেড় হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। এই করোনা পরিস্থিতির মধ্যেও অর্থনীতির চাকাকে সচল রাখতে কৃষি উৎপাদন, হাঁস-মুরগী, গরু-ছাগল পালন অব্যহত রাখতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের গৃহীত কর্মসূচিও সফল করা অপরিহার্য। 
এ সময় অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল ও চিড়া বিতরণ করা হয়। মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে পিরোজপুরে কর্মহীন মানুষে মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। যুবলীগের কেন্দ্রীয় সদস্য কামরুজ্জামান শামীম এ খাদ্য সামগ্রী বিতরণের সমন্বয় করেন।
এ বিতরণ কার্যক্রম শুরুর কালে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, যুগ্ন সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্নাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
