ইন্দুরকানীতে জ্বর-সর্দি নিয়ে জঙ্গলে পড়ে থাকা যুবককে উদ্ধার করে হাসপাতালের আইসোলেশনে প্রেরণ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার শেষ প্রান্তে পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী এলাকায় দুই দিন ধরে ২২ বছরের এক অপরিচিত যুবক জ্বর ও সর্দি নিয়ে জঙ্গলে পড়ে ছিল। অসুস্থতার কারণে ভাল করে কথা বলতেও পাড়ছিল না। করোনার ভয়ে তার কাছে কেউ এগিয়ে আসে নি, দেয় নি কোন খাবার। অবশেষে শনিবার বেলা ১১টার দিকে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাহোসাইন মুহাম্মদ আল-মুজাহিদকে যুবকের বিষয় জানান।
এদিকে, এক রিক্সাচালক ৯৯৯ এ ফোন করলে ইন্দুরকানী থানার ওসি মো. হাবীবুর রহমান ফোন পেয়ে ঘটনাস্থলে যান। তারা ২ দিন পর জঙ্গল থেকে ভবঘুরে যুবককে উদ্ধার করেন। ইউএনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদি হাসানকে নিয়ে ঘটনাস্থলে যান। যুবককে ডাক্তার দেখে করোনা সন্দেহ মনে হয়।
এলাকাবাসী জানান, কোন গাড়ী না পাওয়ায় ইউএনও নিজেই তার গাড়ীতে করে যুবককে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গিয়ে নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করেন। পরে তাকে ইউএনও আবার তার গাড়ীতে করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে হাসপাতালের আইসোলেশনে রাখেন। সেখানে তিনি তার জামা কাপড় ও খাবারের ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, খবর পেয়ে উপজেলার শেষ সীমানায় জঙ্গলে পড়ে থাকা ভবঘুরে যুবককে উদ্বার করে আমার গাড়ীতে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়। ওই যুবককে পরে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
