বাগেরহাটে সাংবাদিক নির্যাতনের দায়ে দুই পুলিশ সদস্য ক্লোজড
বাগেরহাটে বেসরকারী টেলিভিশন মাইটিভির জেলা প্রতিনিধি রিফাত আল মাহমুদকে পুলিশি নির্যাতনের ঘটনায় মোড়েলগঞ্জ উপজেলার পোলেরহাট ফাঁড়ির পুলিশের ২ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় ।
সোমবার বিকেলে ভাটখালী বাজারে করোনা সংক্রামণ প্রতিরোধে লকডাউন অমান্য করে লোক সমাগম বেশী হওয়ায় এবং কেউ সামাজিক দুরত্ব বজায় না রাখার খবর পেয়ে সাংবাদিক রিফাত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য টিম পাঠানোর অনুরোধ করেন।
কিছুক্ষণ পরেই ফাঁড়ির এএসআই সাখাওয়াত হোসেন এবং ফয়েজ নামে দুইজন কনষ্টেবল বাজারে উপস্থিত হয়ে বাজারের লোকজনকে এলোপাথাড়ি পিটানো শুরু করেন। একপর্যায়ে এই দুই পুলিশ সদস্য সাংবাদিক পরিচয় দিলে রিফাতের উপর চড়াও হন এবং তাকে বেধড়ক মারধর করেন। পরবর্তীতে স্থানীয় লোকজনে এগিয়ে এলে পিটানো বন্ধ হয়।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম অজিজুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। অনাকংখিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
