পিরোজপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের শারিকতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল।
ধর্ষনের শিকার স্কুলছাত্রীটি সদর উপজেলার ডি.আর.এস মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী এবং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের দক্ষিণ রানীপুর এলাকার এক দিনমজুরের মেয়ে।
ধর্ষনের ঘটনায় অভিযুক্ত এস.ডি. রিপন মাহমুদ (৩৫) পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের শারিকতলা গ্রামের খালিদ বিন ওয়ালিদ ওরফে বারেক এর ছেলে।
স্কুল ছাত্রীর মা জানান, শারিকতলা গ্রামের রিপন প্রায়ই তার মেয়েকে স্কুলে যাওয়ার সময় উত্যক্ত করতো। শনিবার বিকেলে তার মেয়েকে রিপন মোবাইল ফোন জরুরী বিষয়ে প্রয়োজন বলে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে বিকেলে স্থানীয় কয়েকজন খবর দেয় যে তার মেয়ে ও রিপনকে স্থানীয় লোকজন শরিকতলা একটি ঘরে আটকে রেখেছে। পরে সেখানে গিয়ে তিনি জানাতে পারেন রিপন জোর করে ঐ ঘরে আটকে রেখে তার মেয়েকে ধর্ষণ করেছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, শনিবার রাতে পুলিশ স্কুল ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ অভিযুক্ত রিপনকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
