প্রধান সূচি

অবশেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোয়ারেন্টাইন : গ্রেফতার-১

নারায়নগঞ্জ থেকে স্বরূপকাঠিতে আসা ১৮ ব্যক্তিকে নিয়ে হামলা-মামলা

নারায়নগঞ্জ থেকে মালবাহী ট্রলারে স্বরূপকাঠিতে ফিরে আসা ১৮ ব্যক্তিকে নানা প্রতিবন্ধকতা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোয়ারেন্টাইন করা হয়েছে। ট্রলার টিকে আটক রাখা হয়েছে। এর আগে ওই ব্যক্তিদের উপজেলার কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে কোয়ারেন্টাইন করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর হামলায় ইউপি চেয়ারম্যান, মেম্বার, পুলিশ, সাংবাদিকসহ ৬ জন আহত হয়। আহতদের ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত সাংবাদিক গোলাম মোস্তফা বাদী হয়ে ৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গেছে, করোনাভাইরাসের কারণে লকডাউন হওয়া নারায়নগঞ্জ শহর থেকে স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নসহ পাশর্^বর্তী এলাকার ১৮ জন লোক একটি মালবাহী ট্রলারে করে বৃহস্পতিবার পঞ্চবেকি এলাকায় আসেন। এলাকাবাসী তাদেরকে পঞ্চবেকিতে উঠতে না দেওয়ায় জটিলতার সৃষ্টি হয়। বলদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহীন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবুকে জানালে তিনি ওই লোকদেরকে কোনো একটি বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে রাখার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। এসময় স্বরূপকাঠি থানার এস আই মো. তাজেলকে ঘটনাস্থলে পাঠানো হয়।

কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে কোয়ারেন্টাইনে রাখতে যেয়ে বাধার মুখে পড়ে প্রশাসন। কাটাপিটানিয়া গ্রামে বাইরের লোক রাখতে গেলে ইউপি সদস্য সুখলাল ঢালী ও রনজিত বেপারীর নেতৃত্বে স্থানীয়রা বিদ্যালয়ের সামনেই বলদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহিন মিয়া ও উপ-পরিদর্শক তাজেলসহ পুলিশের উপর চড়াও হয়। এ সময় ওই এলাকার কয়েক’শ মানুষ লাঠিসোটা নিয়ে চেয়ারম্যান ও পুলিশের উপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ করে। হামলায় ইউপি চেয়ারম্যান মো. শাহীন, স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা, এস আই তাজেল, এস আই আল মামুন, ইউপি সদস্য মো. সুমন ও চেয়ারম্যানের গাড়ীর চালক মাসুম বিল্লাহ আহত হন। আহতদের মধ্যে সাংবাদিক গোলাম মোস্তফা, ইউপি সদস্য মো. সুমন ও গাড়ীর চালক মাসুম বিল্লাহকে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয় স্বরূপকাঠি থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার বলেন, বর্তমান সময় বাইরে থেকে লোক আসায় মানুষের মধ্যে ভীতি কাজ করে বলেই তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করেছি। কিন্তু কিছু না বুঝেই কাটাপিটানিয়া গ্রামের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। মামলার আসামী এলাকার চৌকিদার দীপেন্দ্র নাথ সরকারকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক গোলাম মোস্তফার ক্যামেরা উদ্ধার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু বলেন, গত কয়দিনে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে প্রতিনিয়ত ট্রলারে করে লোক দেশের বাড়ীতে পালিয়ে আসছে বলে খবর পাচ্ছি। মানবিক কারনে এ লোকগুলোকে একটি নিরাপদ দুরত্বে কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করছি। ট্রলারের ১৮ ব্যক্তিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ট্রলারটি আটক রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial