চিতলমারীতে করোনা রোধে সেনাবাহিনীর সাবান ও মাস্ক বিতরণ
বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনার সংক্রামণ ও বিস্তার রোধে পথচারীদের মাস্ক ও সাবান বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এসময় সেনাবাহিনীর সদস্যদের পক্ষ থেকে বিনাপ্রয়োজনে রাস্তায় বাজারঘাটে ঘোরাফেরার করার বিষয়ে জনসাধরণকে নিরুৎসাহিত করা হয়। শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই প্লাটুন সদস্য চিতলমারী সদর বাজারসহ বিভিন্ন বাজারে টহল দেয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা পথচারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে মাস্ক ও সাবান তুলে দেন। একই সাথে মাইকিং করে সকলে ঘরে থাকার আহ্বান জানান।
এ ব্যাপারে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. ইয়াহিয়া ভূইয়া সাংবাদিকদের জানান, তারা মহামারি করোনা প্রতিরোধে প্রাথমিকভাবে জনসাধরণকে মাইকিংসহ নানা ভাবে সচেতন করার চেষ্টা করছেন। এতে জনসাধারণ সচেতন না হয়ে অপ্রয়োজনে ঘোরাফেরা করলে সেনাবাহিনীর সদস্যরা প্রয়োজনে কঠোর হতে বাধ্য হবেন।
