নাজিরপুরে আইসোলেশনে থাকা গামেন্টর্সকর্মীর রির্পোট করোনা নেগেটিভ
পিরোজপুরের নাজিরপুরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা লতা আক্তারের করোনা রির্পোট নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী।
গত রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপেক্সের একটি মেডিকেল টিম ওই গামেন্টর্সকর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করে। আজ বুধবার দুপুরে আইইডিসিআর থেকে পরীক্ষার রির্পোট পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী জানান, লতার রির্পোট নেগেটিভ হলেও তাকে আরো কয়েকদিন এখানে চিকিৎসাধীন থাকতে হবে।
উল্লেখ্য ওই গামেন্টর্স কর্মী গত ৪ এপ্রিল সন্ধ্যায় ঢাকা থেকে সর্দি, জ্বর ও গলা ব্যাথা নিয়ে উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামের বাড়ি ফেরেন। এ সময় স্থানীয়রা সে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে গ্রামে ঢুকতে দেয়নি। এসময় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সজল তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরবর্তীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র নির্দেশনায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো।
